রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারে অতিরিক্ত গতি বা অসাবধানতার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।