বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ দাফনের প্রস্তুতি শুরু হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশজুড়ে থেকে আসা সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিকসহ লাখো মানুষ অংশ নেন।
জানাজার আগে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা পরিশোধের ব্যবস্থা করব।”
এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবনে তার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছেন তিনি।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফনের জন্য নেওয়া হচ্ছে। দাফনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।