বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন ও ভারতীয় হাইকমিশনের পৃথক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও জানাজায় অংশ নিতে ঢাকায় আসবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দেন। সেখানে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং ২০১৫ সালে তাঁর সঙ্গে সাক্ষাতের বিষয়টির উল্লেখ করেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এক মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।