তালেবান সরকারের মধ্যম সারির এক কর্মকর্তার নীরব ঢাকা সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা জোরালো হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক (ডিজি) মোল্লা জাওয়ান্দি, যার পুরো নাম মোল্লা নুর আহমদ নুর, গত সপ্তাহ থেকে বাংলাদেশে অবস্থান করছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রাজধানীর উপকণ্ঠে নাগরিক সমাজের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। সেগুনবাগিচায় অবস্থিত দায়িত্বশীল সূত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করলেও জানিয়েছে, সফরের প্রস্তুতি কিংবা বাস্তবায়নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, তালেবান সরকারের ওই কর্মকর্তার সঙ্গে সরকারের কোনো পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নেই। সরকারি কোনো প্রতিনিধি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সাক্ষাৎ নির্ধারিত হয়নি বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
আঞ্চলিক প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। স্মরণ করা হচ্ছে, গত অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করলে দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তালেবান সরকারের এশিয়া-সংক্রান্ত নীতিনির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশে এই ‘বিশেষ সফরে’ তিনি ঢাকার কয়েকজন রাজনীতিক ও শিক্ষাবিদের সঙ্গে মতবিনিময় করছেন। এর মধ্যে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বৈঠকের কথাও আলোচনায় এসেছে। তবে এসব বৈঠক কোনো সরকারি উদ্যোগে নয় বলে সংশ্লিষ্ট মহল থেকে জানানো হয়েছে।
নীরব এই সফর ঘিরে নানা প্রশ্ন উঠলেও সরকারিভাবে এটিকে সম্পূর্ণ বেসরকারি পর্যায়ের যোগাযোগ হিসেবেই দেখানো হচ্ছে।