কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঘন কুয়াশার মধ্যে এক লরির পেছনে আরেকটি লরির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চালক ও অপরজন তার সহকারী।
রোববার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় চট্টগ্রামমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে লরিচালক আব্দুল জব্বার (৩১) এবং চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে ও লরির হেলপার শাকিল (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের ঘন কুয়াশার কারণে সামনে থাকা একটি লরিকে ঠিকমতো দেখতে না পেয়ে পেছনে থাকা আরেকটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আব্দুল জব্বারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘন কুয়াশার কারণে ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”