ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই অভিযুক্ত—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ—ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাদি হত্যা মামলার তদন্ত অগ্রগতি জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর অভিযুক্ত ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। তাদের পালাতে সহযোগিতা করার অভিযোগে ভারতীয় নাগরিক পুত্তি ও শামীকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। এই গ্রেফতার প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশ ভারতীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে।”
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের রাতেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। “গুলির ঘটনার পর রাত ১১টার মধ্যেই আমরা শুটারকে শনাক্ত করতে সক্ষম হই। সঙ্গে সঙ্গে তার পাসপোর্ট দেশের সব ইমিগ্রেশন পয়েন্টে ব্লক করে দেওয়া হয়, যাতে সে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে।”
তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনতে আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।