চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বাজারের অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সাহার বাজারে জয়নালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে।
নিহত সাব্বির হোসেন ফরিদগঞ্জ উপজেলার শালদহ ছৈয়াল বাড়ির বাসিন্দা। সে জয়নালের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। আগুন লাগার সময় দোকানের ভেতরেই সে আটকা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ এবং শাহ আলমের হার্ডওয়্যার দোকান।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে দোকানগুলোকে গ্রাস করে।
তিনি আরও জানান, আগুনে পুড়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং বিস্তারিত তদন্ত কার্যক্রম চলছে।