রায়পুরা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। “খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে এ আয়োজন করা হয়।
শনিবার দুপুরে চর আড়ালিয়া কান্দাপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। খেলার উদ্বোধন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মাসুদা জামানের সভাপতিত্বে এবং রায়পুরা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. আশরাফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এনটিভির রায়পুরা প্রতিনিধি সাংবাদিক মো. ফরহাদ আলম, সাবেক ইউপি সদস্য মোসলেম মোল্লা, ইউপি সদস্য আফরোজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ ও চর আড়ালিয়া বন্ধু ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে জয়লাভ করে বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল এবং বিজয়ী দলের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।