ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এবার সরব হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করা না হলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীদের একটি অংশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন ইতালি প্রবাসী সাইফুর রহমান। পোস্টে তিনি অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অথচ বিভিন্ন ঘটনায় নির্বিচারে গ্রেফতার অব্যাহত রয়েছে।
তিনি লেখেন, ‘শহীদ বীর শরিফ ওসমান হাদির খুনিদের ধরার বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই নাটক আর দেখতে চাই না।’
একই পোস্টে আল্টিমেটাম দিয়ে সাইফুর রহমান বলেন, আগামী সোমবারের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে ব্যর্থ হলে প্রবাসীরা সম্মিলিতভাবে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আরও দাবি করেন, নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক জনগোষ্ঠীকে হয়রানি করতে ব্যবহৃত আইন প্রয়োগের প্রতিবাদ হিসেবেই এ সিদ্ধান্ত।
তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টটি শেয়ার করে সংহতি প্রকাশ করছেন। তামিম রেজা নামে এক প্রবাসী ফেসবুকে লেখেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স শাটডাউন কর্মসূচিতে অংশ নেবে।’
এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।