ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি অদ্ভুত বাজিকে কেন্দ্র করে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শীতের সকালে খালে টানা ১০০ বার ডুব দেওয়ার পর অসুস্থ হয়ে বাবুল মোল্লা (৪৫) নামের ওই ব্যক্তি মারা যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া কাছারি বাড়ি বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মাথায় এক বস্তা চাল নিয়ে বাবুল মোল্লা বাজারে আসেন। দীর্ঘ পথ হেঁটে আসায় তাঁর শরীর গরম হয়ে যায়। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে তিনি পাশের খালে নেমে পড়েন। বাজির শর্ত অনুযায়ী, তাকে একটানা ১০০ বার পানিতে ডুব দিতে হয়। তিনি সেই চ্যালেঞ্জ শেষ করলেও খাল থেকে উঠে আসার পরপরই অসুস্থ হয়ে পড়েন।
এ অবস্থায় উপস্থিত লোকজন তাঁকে কম্বল দিয়ে ঢেকে এবং আগুন জ্বালিয়ে গরম দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হঠাৎ ও অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।