বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনাকে কেন্দ্র করে সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাড্ডা লিংক রোড বন্ধ করে দেওয়ায় রামপুরা ও মধ্যবাড্ডা এলাকায় শত শত যানবাহন আটকে পড়ে।
সড়ক বন্ধ থাকায় অনেক যানচালক ও যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। বিকল্প সড়ক ব্যবহার করলেও যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। এদিকে সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন।
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির হাজারো নেতা-কর্মী সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। ভোরের দিকেই মঞ্চ ও আশপাশের এলাকা পূর্ণ হয়ে যায়। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং কেউ কেউ খোলা আকাশের নিচে রাত কাটান।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে এলাকায়। এ উপলক্ষে নির্মিত মঞ্চে ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে পুরো এলাকা।
বুধবার থেকেই মঞ্চের শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়। সরেজমিনে দেখা গেছে, মঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শনে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঝুঁকি এড়াতে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।