আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে মনোনয়ন রাজনীতিতে তৈরি হয়েছে নতুন জটিলতা। বিএনপি ও জমিয়তে উলামায়ে বাংলাদেশের মধ্যে আসন সমঝোতার ঘোষণা এলেও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে আগামীকাল বুধবার মনোনয়নপত্র সংগ্রহের ঘোষণা দিয়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি চারটি আসনে প্রার্থী দেবে না। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনও রয়েছে। ফলে ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী না থাকার কথা জানানো হয়।
তবে এ ঘোষণার পরপরই রুমিন ফারহানার কর্মী-সমর্থকেরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। তাঁদের দাবি, রুমিন ফারহানা সরাইল–আশুগঞ্জ আসন থেকেই নির্বাচন করতে আগ্রহী এবং প্রতীক যাই হোক, সমর্থকদের পাশে পেলে তিনি ভোটের মাঠে থাকবেন।
এর আগে গত শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা নিজেও এ আসন থেকে নির্বাচনে আগ্রহের কথা জানান। তিনি বলেন, এলাকাবাসী ও সমর্থকেরা পাশে থাকলে তিনি নির্বাচন করবেন।
এদিকে আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সমর্থনে জমিয়তে উলামায়ে বাংলাদেশের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন বলে জানানো হয়েছে। তিনি দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোটার রয়েছেন ৫৭ হাজার ৭৪০ জন।
আসন সমঝোতা ও মনোনয়ন উত্তোলন নিয়ে ভিন্ন অবস্থানের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।