জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের স্বার্থে দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার জন্য একটি পত্র জারি করেছে।
বেবিচকের পত্রে বলা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ অনুযায়ী বিমানবন্দর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন পূর্ব থেকেই নিষিদ্ধ। তবে গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ উপলক্ষে তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের কার্যক্রম বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে বলে উল্লেখ করা হয়।
এই প্রেক্ষাপটে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সাধারণ জনগণকে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে—আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে করে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।
এমতাবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, তার বহনকারী বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।