নরসিংদীর রায়পুরা উপজেলায় চরম অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ীভাবে একটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেবেন।
একই সঙ্গে উপজেলার দুর্গম চরাঞ্চলগুলোতে অপরাধ দমনে দ্রুত সমন্বিত ‘কম্বিং অপারেশন’ বা চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, বিশেষ করে চরাঞ্চলের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সেনাক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পুরো উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান টেঁটাযুদ্ধ, সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনাই এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি তালিকাভুক্ত ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।