সিরাজগঞ্জের এনায়েতপুরে গণঅধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ-পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ (৩১)। তিনি এনায়েতপুর উপজেলার বাঐখোলা গ্রামের বাসিন্দা এবং কমল মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাফিজুল ইসলাম হাফিজ দীর্ঘদিন ধরে কয়েকজন সহযোগীর সঙ্গে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রোববার রাতে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন।
সোমবার সকালে তার নিথর দেহ দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।