সৌদি আরব পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘কিং আবদুলআজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করেছে। সৌদি আরব সফরকালে সোমবার এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের সময় এই পদক প্রদান করা হয়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইএসপিআর জানায়, এই সংলাপ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের গভীর, ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও জোরদার করেছে। সৌদি নেতৃত্ব ফিল্ড মার্শাল আসিম মুনিরের পেশাদার দক্ষতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখতে তার ভূমিকার প্রশংসা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মাননা প্রদান পাকিস্তান–সৌদি আরব সম্পর্কের গভীরতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় দেশের কৌশলগত সহযোগিতা আরও দৃঢ় করার প্রতিফলন।
উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতায় যুক্ত। গত ১৮ সেপ্টেম্বর দুই দেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে বলা হয়— এক দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।