ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮) অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকালে তিনি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য যান। লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম শেষে কার্যালয় থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
পরে বিকেল তিনটার দিকে ডিবি পুলিশ তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এবং আফজাল হোসেন রানার আইনজীবীরা।
আফজাল হোসেন রানা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পৃথক দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থানে যাওয়ায় তিনি দলীয় সব পদ হারান বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান বলেন, “পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”