সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি জনবহুল মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে হামলাটি কে চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর বাজারের একাধিক দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের পর মুহূর্তের মধ্যেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ আহত হলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে, সুদানের বিভিন্ন অঞ্চলে সরকারি সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘর্ষ ক্রমেই তীব্রতর হচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বেসামরিক এলাকায় এই ড্রোন হামলার ঘটনা ঘটল।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। যুদ্ধের প্রভাবে দেশটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে।
সূত্র: দ্য নিউ আরব