দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণকে অবহিত করতে আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অগ্রগতি এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তথাকথিত ফ্যাসিস্ট কর্মকাণ্ড দমনে গত ১৩ ডিসেম্বর থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযান শুরুর পর গত সাত দিনে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। চলমান এই অভিযানের আওতায় দেশের বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার শরীফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে শাহবাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সমবেত হন। তারা হাদির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে অংশ নেওয়া বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।