চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রবাসী স্বামীর পাঠানো নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে এক নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমামের সঙ্গে ওই নারীর সম্পৃক্ততার অভিযোগ থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৭ ডিসেম্বর) কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মুন্সি বাড়ি এলাকায়। এ বিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলামের সঙ্গে প্রায় ছয় বছর আগে পার্শ্ববর্তী দারচর গ্রামের সুমাইয়ার পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত এক বছর ধরে তাদের কন্যাসন্তানকে স্থানীয় মুন্সি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম আরবি শিক্ষা দিতেন। এ সুবাদে পারিবারিক যোগাযোগ বাড়তে থাকে এবং এক পর্যায়ে সুমাইয়ার সঙ্গে ইমামের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর প্রবাসী আরিফুল ইসলামের দেশে ফেরার কথা জানতে পেরে, ঘরে সংরক্ষিত জমি ক্রয়ের জন্য রাখা প্রায় ১১ লাখ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে সুমাইয়া তার কন্যাসন্তানসহ নিখোঁজ হন। অভিযোগ অনুযায়ী, তিনি মসজিদের ওই ইমামের সঙ্গে অজ্ঞাত স্থানে চলে গেছেন।
প্রবাসী আরিফুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে জানান, “আমার অনুপস্থিতিতে স্ত্রীর সঙ্গে ইমামের সম্পর্ক গড়ে ওঠে। আমি দেশে ফেরার কথা শুনে সে আমার উপার্জিত সব টাকা ও স্বর্ণালংকার নিয়ে আমার একমাত্র সন্তানসহ চলে গেছে। আমি এখন নিঃস্ব। আমার সন্তান ও আমার কষ্টার্জিত অর্থ ফিরে পেতে আইনগত সহায়তা চাই।”
এ বিষয়ে কচুয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।