ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে দেশের বিভিন্ন স্তরে ক্ষোভের ঝড় তুলেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। রোববার (২১ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, “একটা জীবন্ত মানুষকে তোমরা এভাবে পুড়ায়া মাইরা ফালাইলা! তোমাদের অন্তর কি একবারও কাঁপলো না?”
তিনি আরও প্রশ্ন তুলেছেন, “আর যারা মোবাইলে ভিডিও করছিল, এই ভিডিও দিয়ে তোমরা কি করবা? বাড়িতে গিয়ে পরিবারের কাছে দেখাবে যে, দেখ আজকে একটা মানুষ পুড়িয়ে মারা হলো?”
জীবন তার পোস্টে মানবতার শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, “আমরা হয়তো ভুলেই যাচ্ছি, ‘সবার ওপরে মানুষ সত্য! তারপর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান।’”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা থানার বাসিন্দা ছিলেন এবং ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, উত্তেজিত জনতা ধর্মীয় কটূক্তির অভিযোগ এনে দিপুকে তার ফ্যাক্টরি থেকে জোর করে বের করে আনে এবং দেশীয় অস্ত্র ও কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় দেশের বিভিন্ন অংশে সামাজিক ও মানবিক উৎকণ্ঠা তৈরি হয়েছে।