রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে নির্দিষ্ট করে শনাক্ত করা হয়নি।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে সৃষ্ট উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে। তারা ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর চালায় এবং নিচতলায় অগ্নিসংযোগ করে। হামলায় সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, কম্পিউটার, তবলা, হারমোনিয়াম, বেহালা ও অন্যান্য বাদ্যযন্ত্র ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাটের অভিযোগও রয়েছে।
ছয়তলা বিশিষ্ট ভবনের প্রতিটি তলাতেই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঘটনার ফলে মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে।