কয়েক দিন ধরেই নওগাঁ জেলায় বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ঝিরঝির শিশিরে ভিজে যাচ্ছে রাস্তাঘাট। সূর্যের দেখা মিলছে না, দিনভর অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।
রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা দুই দিন ধরে মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্যের দেখা মিলছে না। এ কারণেই শীতের অনুভূতি বেশি হচ্ছে। তিনি জরুরি প্রয়োজন ছাড়া ভোরের দিকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।
এদিকে, শীতের তীব্রতায় নওগাঁর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা পাতলা হলেও রাত ও ভোরে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এর সঙ্গে হিমেল বাতাস যোগ হয়ে শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ভোগ বাড়ছে তাদের।