আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত মোট ৫ লাখ ৫৪ হাজার ৫২১ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ নভেম্বর এবং তা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ভোটগ্রহণ কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া, আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হবে।
বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশর, ব্রাজিল, তাইওয়ান, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ভোটাররা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামে তা পূরণ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
এদিকে, ইসির সংশোধিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং তা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।