আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আনুষ্ঠানিক সভা শুরু হবে।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় নির্বাচনের পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং আচরণবিধি অনুযায়ী শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠক শেষে গণমাধ্যমের সামনে সভার সিদ্ধান্ত ও আলোচনার সারসংক্ষেপ তুলে ধরা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।