সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সংঘটিত ভয়াবহ ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। তাদের মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার বিমানবন্দরে পৌঁছানো হয়।
বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েন জাতিসংঘ মিশনের প্রতিনিধিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, ওভারসিজ অপারেশন পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের সময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক কর্মকর্তারা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।
আইএসপিআর জানায়, শহীদ শান্তিরক্ষীদের নামাজে জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারে করে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ওই সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও নয়জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর।