ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেছে। তবে পরিবার ও ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ সাধারণ দর্শনার্থীদের দেখার সুযোগ পাবেন না।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহীদ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—নামাজে জানাজার সময় কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া সংসদ ভবন ও এর আশপাশে ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ওসমান হাদি জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারের সময় গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তিনদিন পর সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন। এই দুজন ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছেন বলে সূত্র জানায়। এছাড়া মামলায় ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যাতে জানাজার সময় কোনো বিশৃঙ্খলা বা সহিংস ঘটনা না ঘটে।