বগুড়ার শেরপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের এক নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাফিউল করিম (১৮)। তিনি শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার বাসিন্দা এবং রেজাউল করিমের ছেলে। রাফিউল করিম ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই কর্মসূচিতে অংশ নেন রাফিউল করিম।
মিছিল শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামী ছাত্র শিবির শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রাফিউল করিম সংগঠনের একজন সাথী ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি ঘাতক বাস ও এর চালক-হেলপারকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি অবগত আছি। তবে ঘটনাটি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।