রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিমানবন্দর, যমুনা ভবনসহ একাধিক কৌশলগত স্থানে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যমুনা ভবনসহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার রাতে রাজধানীর কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। একদল বিক্ষোভকারী প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় প্রতিষ্ঠান দুটির একাধিক সংবাদকর্মী ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
একই রাতে ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।