ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তাকে বহনকারী বিমানটি নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করে।
মরদেহ দেশে পৌঁছানোর পর তা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হবে।
ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের উভয় পাশে সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে অবস্থান নেবে। এ সময় তারা শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাবে এবং শেষ বিদায় জানাতে অংশ নেবে।
এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে মৃত্যুবরণ করেন শহীদ ওসমান বিন হাদি। তার মৃত্যুতে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও শোক পালন করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।