ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী বিমানটি আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানায়, শহীদ ওসমান হাদীকে গ্রহণ জানাতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী এই বীরকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, বিমানবন্দর থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হবে এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাখা হবে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।