ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার হুমকির প্রতিবাদে শুক্রবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দফতরের সামনে বিক্ষোভ করেছে একটি যুব সংগঠন। বিক্ষোভে নেতৃত্ব দেয় ‘তিপরা মোথা’র যুব সংগঠন ইউথ তিপরা ফেডারেশন।
বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকেই সহকারী হাই কমিশনারের দফতরের নিরাপত্তা জোরদার করে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সার্বিক পরিস্থিতি তদারকিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক।
সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন রাজনৈতিক নেতা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে মন্তব্য করেছেন, তা উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। তাঁদের মতে, এ ধরনের বক্তব্য শুধু ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি সৃষ্টি করে।
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমানভাবে বাড়ানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দফতরে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের হামলার ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতার কারণে এবারের বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা গ্রহণ করে।