নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফুপুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকার একটি পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আশিক (১২) ও আরিয়ান (১০)। তারা রাজধানীর হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী খলিল মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আশিক ও আরিয়ান পরিবারের সদস্যদের সঙ্গে ফুপুর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে ব্যাডমিনটন খেলতে গিয়ে শরীরে বালু লাগায় তারা গোসলের জন্য পুকুরে নামে। এ সময় তাদের সঙ্গে মামাতো ভাই রোহানও ছিলেন। তবে আশিক ও আরিয়ান সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।
রোহান দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার দিকে পুকুর থেকে আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাতের দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। নিহত দুই শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও শোক ও হতবাক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।