চট্টগ্রামের পটিয়া থানায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সেলফি ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্ট ভাইরাল হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক এবং কনস্টেবল মো. সেলিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিম (২১) কে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে এবং স্থানীয় ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় মহিম নিজের ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট দেন। একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।”
পরবর্তীতে থানার অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এইদিন দিন নয়, দিন আরও আছে।” এসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
এছাড়া থানার ভেতরে দায়িত্বরত অবস্থায় ঘুমন্ত কনস্টেবল মো. সেলিমের একটি ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন মহিম। ছবিটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে এসআই মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়।
এদিকে ক্লোজড হওয়ার খবর পাওয়ার পর কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় রাখার সময় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।