মাথায় গুলি লেগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চ বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান করেছে। তারা আরও জানিয়েছে, হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হলে সারা দেশ অচল করার হুঁশিয়ারি দেয়া হয়েছে। হত্যাকারীরা যদি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হাদির সংকটাপন্ন শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।