উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের পরিকল্পনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। প্রেস উইং জানায়, স্বাধীনতার পর থেকে সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে। তবে বিশ্বের অধিকাংশ দেশের মতো বার্নে দূতাবাস না থাকার কারণে জাতিসংঘ ও কূটনৈতিক কার্যক্রম জেনেভা থেকে পরিচালিত হয়ে আসছিল।
সুইজারল্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার হওয়ায় বার্নে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি এবং কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে দূতাবাস কার্যক্রম শুরু হবে।