১৮ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে থাকবেন মেয়ে জাইমা রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারা।
দেশে ফেরাকে স্মরণীয় করার জন্য বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক। অভ্যর্থনা কমিটি বিষয়টি স্মরণীয় করে রাখতে বিভিন্ন আয়োজন করছে।
কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান কোথায় অবস্থান করবেন এবং রুট কেমন হবে, তা নিয়ে প্রস্তুতি চলছে। নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে এবং সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ২৪ ডিসেম্বর রাতের মধ্যেই সকল আয়োজন সম্পন্ন হয়। মানুষের মধ্যে তারেক রহমানকে এক নজর দেখার ব্যাপক আগ্রহ রয়েছে, তাই প্রত্যাবর্তনকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে স্মরণীয় করার প্রস্তুতি চলছে।