রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের দেওয়া চিকিৎসা নিয়মিতভাবে গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করতে পারছেন, যা চিকিৎসার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক। এ কারণে তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে চিকিৎসকরা আশাবাদী। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
ডা. জাহিদ আরও বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় প্রয়োজনীয় সময়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় খালেদা জিয়ার শারীরিক জটিলতা বেড়েছে। সেই জটিলতাগুলো বিবেচনায় নিয়েই বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে থাকায় ডা. জুবাইদা রহমান সরাসরি তার সঙ্গে নিয়মিত দেখা করতে না পারলেও কক্ষের বাইরে থেকে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসা প্রক্রিয়া চলমান থাকবে।