মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা ৫৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরতে পারেন প্রধান উপদেষ্টা।