সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম।
সোমবার বিকেল তিনটার দিকে তিনি জানান, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন, যাদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। তিনি নিজেই সে রাতে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং রাত আটটার দিকে কার্যালয়ে পৌঁছান। তখন তাকে জানানো হয়, ডিবিপ্রধান তার সঙ্গে কথা বলবেন।
সোমবার সকালে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনিস আলমগীর ডিবি কার্যালয়েই ছিলেন এবং তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছিল।
জানা গেছে, রোববার দিবাগত রাতে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়। অন্য দুই অভিযুক্ত হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
সকালে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছিলেন, অভিযোগটি তখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরে ডিবি নিশ্চিত করে, ওই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি টেলিভিশন টক শোতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন।