চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি একই দিন বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফ ওসমান হাদি গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে আটক করেছে পুলিশ এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এছাড়া শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। র্যাব তিনজন সন্দেহভাজনকেও আটক করেছে।
শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার রাতে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলার বাদী। মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান।