আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে শনিবার উত্তাল হয়ে ওঠে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। টিকিট কেটে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও প্রিয় ফুটবলারকে কাছ থেকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজারো দর্শক। মাঠজুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা ও বিক্ষোভ।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আয়োজকদের আমন্ত্রণে শনিবার যুবভারতীতে উপস্থিত হয়ে তিনি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফটোসেশনে অংশ নেন। পরে সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার হতেই শুরু হয় ব্যাপক সমালোচনা ও ট্রোলিং।
মেসিভক্তদের একাংশের অভিযোগ, সাধারণ দর্শকের ভোগান্তির মুহূর্তে এমন ছবি প্রকাশ অনুরাগীদের অনুভূতিতে আঘাত দিয়েছে। কেউ মন্তব্য করেন, জনতার কষ্টের মাঝেই এই ধরনের পোস্ট ‘সংবেদনশীলতার অভাব’ প্রকাশ করে। আবার কেউ প্রশ্ন তোলেন, যুবভারতী যখন অশান্ত, তখন এই সময় ছবি প্রকাশ কতটা যুক্তিসংগত ছিল।
সমালোচনার তীব্রতা আরও বাড়ে যখন কিছু ব্যবহারকারী শুভশ্রীর ফুটবল-জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। কেউ কেউ অভিনেত্রী ও আয়োজকদের একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়ে ‘জনতার টাকায় ফূর্তি’ বলেও কটাক্ষ করেন।
প্রসঙ্গত, নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান লিওনেল মেসি। তবে আয়োজক ও নিরাপত্তাকর্মীদের ঘিরে থাকায় গ্যালারিতে উপস্থিত বহু দর্শক তাকে স্পষ্টভাবে দেখতে পাননি। যদিও তিনি গ্যালারির দিকে হাত নাড়েন, তবু ভিড়ের কারণে অনেকের চোখে তা পড়েনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই তাকে মাঠ ছাড়তে হয় বলে জানা গেছে।
এই ঘটনাকে ঘিরে মেসিভক্তদের হতাশা ও সামাজিকমাধ্যমের বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।