ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় একটি ১২ তলা ভবনে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। এ ঘটনায় ভবনের ভেতর আটকে পড়া ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ভবনের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দুইটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এর ফলে আগুন নেভাতে মোট ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে।
তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র ৮ মিনিটের মধ্যে, অর্থাৎ ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়। সর্বশেষ দুইটি ইউনিট যোগ দেওয়ার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা এখনো নিরূপণ করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
তবে সর্বশেষ পাওয়া তথ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।