গোর্কি সদনের প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো এক হৃদয়ছুঁয়ে যাওয়া সাংস্কৃতিক মুহূর্ত। রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ম্যাক্সিম কোজলভ-এর হাতে ছায়ানট (কলকাতা)-এর পক্ষ থেকে তুলে দেওয়া হলো কাজী নজরুল ইসলামের এক বিরল, ঐতিহাসিক ছবি। যা সোভিয়েত ইউনিয়নের সাংস্কৃতিক পরিমণ্ডলে নজরুলের অবস্থানকে নতুনভাবে সামনে এনেছে।
ছবিটির নিচে লেখা—“রাশিয়ান ভাষায় অনূদিত নজরুল রচনা-প্রকাশ অনুষ্ঠানে সোভিয়েত প্রতিনিধিদের মাঝখানে নজরুল (১৯৬৭) – যা থেকে স্পষ্ট হয় বহু আগেই রুশভাষী পাঠকমহলে পৌঁছে গিয়েছিল বিদ্রোহী কবির সাহিত্য। নজরুলের ঘনিষ্ঠ সহচর মুজফ্ফর আহ্মদের স্মৃতিকথাও জানায়, কবির বিখ্যাত কবিতা ‘সাম্যবাদী’ সে সময় রুশ ভাষায় অনূদিত হয়েছিল। তথ্যটি গবেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত ১৮ বছর ধরে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও স্মৃতিসন্দর্শন নিয়ে নিবিড় কাজ করছে ছায়ানট (কলকাতা)। শুধুমাত্র জন্মবার্ষিকী বা প্রয়াণদিন পালন নয়, সারা বছর ধরে নজরুলের রচনা, সুর, চেতনা ও মানবতাবাদের বার্তা তুলে ধরাই সংস্থাটির মূল লক্ষ্য। নজরুল-স্মৃতিবিজড়িত স্থানগুলোর বর্তমান অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও তাদের অন্যতম কাজ।
ছায়ানট (কলকাতা)-এর সভাপতি সোমঋতা মল্লিক বলেন, আমরা জানতে পারি, নজরুলের বহু সাহিত্যকর্ম রুশ ভাষায় অনূদিত হয়েছে। পরে এই অনন্য ছবিটির সন্ধান পাই— যা সত্যিই আমাদের অভিভূত করে। আজ সেটি রাশিয়ান কনসাল জেনারেলের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ কৃতজ্ঞতা জানাই গোর্কি সদনের প্রোগ্রাম অফিসার শ্রী গৌতম ঘোষকে তার আন্তরিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আশা করি ছবিটি গোর্কি সদনের সংগ্রহশালায় সযত্নে প্রদর্শিত হবে, যাতে সংস্কৃতিপ্রেমীরা সহজেই তা দেখতে পারেন।
সাংস্কৃতিক মহলের মতে, ছবিটির গোর্কি সদনে সংরক্ষণ রুশ-ভারত সাংস্কৃতিক সম্পর্কের নতুন বিস্তার ঘটাবে এবং নজরুল-গবেষণায় উন্মোচন করবে নতুন দিগন্ত।