রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছে।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথায় অস্ত্রোপচারের সময় কোনো গুলি পাওয়া যায়নি; গুলি মাথা ভেদ করে বের হয়ে গেছে। উচ্চপর্যায়ের নির্দেশনায় হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢামেকের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদির অবস্থার অবনতি হলে তাকে সিপিআর দেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল। মাথার ভেতর ও কানের পাশ দিয়ে গুলি লাগায় তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার চলছে।
হাদির সহযোগীরা জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।