ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বক্স কালভার্ট এলাকার কাছে নির্বাচনী প্রচারণার সময় তিনটি মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা মুহূর্তের মধ্যে গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় দুপুর আড়াইটার পরপরই হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলার সময় হাদি রিকশায় করে এগোচ্ছিলেন। সেই মুহূর্তে তিন মোটরসাইকেল আরোহী তার কাছে এসে গুলি চালায় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হত্যাচেষ্টা হিসেবে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মীদের জীবননাশের শঙ্কা দিন দিন বাড়ছে, তবে ভয় না পেয়ে তারা লড়াই চালিয়ে যাবেন।
এদিকে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাজধানীতে অপরাধীচক্রের প্রভাব বাড়তে থাকায় জনগণকে প্রস্তুত থাকতে হবে।
হাদি সম্প্রতি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছিলেন বলেও জানা যায়। গত নভেম্বর মাসে দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছিলেন। সেখানে তিনি লেখেন, তাকে নজরদারিতে রাখার পাশাপাশি তার পরিবারকেও ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে।
হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর রাজনৈতিক পরিবেশে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।