কলকাতার অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৩ ডিসেম্বর শহরে পা রাখতে চলেছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। তাঁর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে এখন উৎসবের আবহ। ক্রীড়া অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ মুহূর্তের জন্য, যখন এক ঝলক দেখা মিলবে ফুটবলের জাদুকরের।
এই উত্তেজনার মধ্যেই আরও একটি সুখবর মিলেছে। মেসির সঙ্গে কলকাতায় উপস্থিত থাকবেন বলিউডের কিং খান শাহরুখ খান। দু’জন বিশ্বতারকার একই মঞ্চে উপস্থিতি শহরবাসীর জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে চলেছে। গত ২ নভেম্বর নিজের জন্মদিনে কলকাতায় আসার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান—এই সফরের মূল কারণ মেসিকে ঘিরেই। তাঁর বার্তা থেকেই স্পষ্ট হয় যে ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে তিনি যোগ দিতে চলেছেন।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন মেসি। প্রথম গন্তব্য কলকাতা, এরপর মুম্বই ও দিল্লি। প্রথমে নন্দনকানন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও পরে তা বদলে সল্টলেক স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেডিয়ামে আনুষ্ঠানিকতা সেরে মেসি যাবেন লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করতে। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ আরও একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শহরজুড়ে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। মেসিকে বাঙালির আতিথেয়তার স্বাদ দিতে কলকাতা সেজে উঠেছে উৎসবের রঙে।