ইতালির খাবার সংস্কৃতি এখন পৃথিবীর ঐতিহ্যের অংশ। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে ইতালীয় রান্না কেবল একটি জাতীয় গর্বই নয়, বরং বিশ্ব খাদ্য-সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন হিসেবে স্থান করে নিল। দিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর আন্তঃসরকারি কমিটির বৈঠকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে “অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য” হিসেবে তালিকাভুক্ত হয়। এ সিদ্ধান্তকে ইতালি শুধু সাংস্কৃতিক অর্জন হিসেবেই দেখছে না—এর সঙ্গে জড়িয়ে আছে কৃষি, পরিবার, উৎসব, টেকসই জীবনধারা এবং প্রজন্মান্তরে বহমান রন্ধনপ্রথার দীর্ঘ ইতিহাস।

যা পিজা ও পাস্তার সীমা ছাড়িয়ে যায়, সেই সমৃদ্ধ খাদ্য-দর্শনই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো বলছে, ইতালীয় রান্না আসলে এক সামাজিক প্রথা—যেখানে খাবার তৈরি ও ভাগাভাগির মধ্য দিয়ে মানুষ সম্পর্ক গড়ে তোলে। পরিবারে উৎসব, ছুটির দিন কিংবা সাধারণ দুপুরের খাবারও হয়ে ওঠে মিলনমেলা। স্থানীয় উপকরণের সম্মান, মৌসুমি খাবারের ব্যবহার এবং অপচয় রোধের নীতি—এসবই ইতালীয় রান্নাকে বিশেষ করেছে। এই রান্নার পেছনে আছে বিভিন্ন অঞ্চলের নিজস্ব রেসিপি, কৃষি-ঐতিহ্য ও উৎপাদনশৈলী, যেগুলো শত শত বছর ধরে বিকশিত হয়েছে।

স্বীকৃতি ঘোষণার পর দেশটিতে আনন্দের সঙ্গে বেড়েছে দায়িত্ববোধও। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে ইতালির সাংস্কৃতিক ও অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই স্বীকৃতি আগামী কয়েক বছরে ইতালিতে পর্যটন বাড়াবে। ইতোমধ্যেই পর্যটন খাতে ১৮ মিলিয়ন অতিরিক্ত ভ্রমণকারীর সম্ভাবনার কথা জানানো হয়েছে—যারা সরাসরি দেখতে চান পারমা হ্যামের গ্রাম, টাস্কানির জলপাইবাগান, নেপলসের পিজার ইতিহাস কিংবা বোলোনিয়ার পাস্তা বানানোর দীর্ঘ প্রথা।

তবে উৎসবের পাশাপাশি উদ্বেগও আছে। বিশ্বায়নের প্রভাবে স্থানীয় উপকরণ হারিয়ে যাওয়া, অতি-বাণিজ্যিকীকরণের ফলে মৌলিক স্বাদ নষ্ট হওয়া কিংবা ঐতিহ্য থেকে বিচ্যুতি—এসবই রন্ধনশিল্পীদের মনে প্রশ্ন তুলেছে। এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে আধুনিক খাদ্যচাহিদার সঙ্গে খাপ খাওয়ানো। ইতালিয় রন্ধনশিল্পীরা বলছেন, এই স্বীকৃতি আসলে তাদের জন্য আরও বড় দায়িত্ব—রেসিপির প্রতিটি ধাপ, প্রতিটি মসলার ইতিহাস, প্রথাগত প্রস্তুতপ্রণালী যেন অটুট থাকে।

বহু দেশ তাদের নিজস্ব নির্দিষ্ট খাবার বা রান্নাপদ্ধতি আগে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। কিন্তু ইতালি প্রথম দেশ, যার পুরো ‘ন্যাশনাল কুইজিন’ই সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হলো। এর অর্থ—একটি দেশের খাদ্যসংস্কৃতিকে সামগ্রিকভাবে একটি জীবন্ত উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। আন্তর্জাতিক পর্যায়ে এটি এক মাইলফলক।
ইতালির জন্য খাবার কেবল পুষ্টি নয়, এটি স্মৃতি, রোমাঞ্চ, পরিবার, উৎসব, শ্রম ও মাটির সঙ্গে সম্পর্কিত এক জীবনদর্শন। সেই দর্শনই এখন সুরক্ষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায়। এই স্বীকৃতি বিশ্বকে স্মরণ করিয়ে দিল, খাবার কখনো শুধু খাবার নয়—এটি মানুষের ইতিহাস, পরিচয় ও পারস্পরিক বন্ধনের শক্তিশালী মাধ্যম।