আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে থাকা আনঅফিসিয়াল বা অননিবন্ধিত মোবাইল ফোন বিক্রি নিয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ীরা মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রি করতে পারবেন। এই সময়ের মধ্যে যেসব আনঅফিসিয়াল ফোন ক্রয় করা হবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং কোনোভাবেই বন্ধ করা হবে না। তবে মার্চের পর আনঅফিসিয়াল ফোন বিক্রির আর কোনো সুযোগ থাকবে না।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সরকার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ব্যবসায়ীরা। আন্দোলন বিষয়ে আসলাম বলেন, সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।