ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য সিইসির ভাষণ রেকর্ড করা হয়। রেকর্ডিংয়ের পর কমিশনাররা সিইসির কক্ষে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের তফসিল ঘোষণার সময়সূচি সম্পর্কে অবহিত করেন ইসি সচিব।
ইসি সূত্র জানায়, এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল একসঙ্গে ঘোষণা করা হচ্ছে। একই দিনে দুটি ভোটগ্রহণের প্রস্তুতি সম্পর্কে কমিশন আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করে। নির্বাচনের সার্বিক অগ্রগতি জানার পর রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান ইসি সচিব।
এর আগে দুপুরে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সেই ভাষণ সম্প্রচারের মাধ্যমেই বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।